বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার সদর উপজেলার সূত্রাপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ৩ মে আজাদ পাম্প সংলগ্ন জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযান সূত্রে জানা যায়, এম কে এ সাকিদার নামে এক ব্যক্তি, যিনি মূলত একজন পল্লী চিকিৎসক, তিনি দীর্ঘ প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখছিলেন। নিজের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে তিনি রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এছাড়া অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী হাসপাতাল-এ চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে তার ভুয়া চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হতো। কয়েকজন রোগী জানান, সরকারি হাসপাতালের চিকিৎসক দেখানোর কথা বলে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

ভোক্তা অধিকারের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভুয়া চিকিৎসা ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button