
বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার সান্তাহারের বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কবির ব্যুরো বাংলাদেশ-এর সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়া এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর কবির মোটরসাইকেলযোগে বড় আখিড়া রেলগেট পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



