বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবার ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণীর ছাত্রী

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে প্রতিবেশী বান্ধবীর বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ছোট দামগাড়া (মাদারতলা) গ্রামে এই পৈশাচিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত আইসক্রিম বিক্রেতা দোলা হোসেন (৩৫) ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটে কয়েক মাস আগে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন শিশুটি তার প্রতিবেশী বান্ধবী আছিয়া খাতুনের সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। বাড়িতে তখন অন্য কেউ না থাকার সুযোগে বান্ধবীর বাবা দোলা হোসেন তাকে ভয়ভীতি দেখিয়ে ও ওড়না দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।
লোকভয় ও প্রাণের ভয়ে শিশুটি বিষয়টি এতোদিন গোপন রাখে। তবে সম্প্রতি তার শারীরিক ও আচরণগত পরিবর্তন দেখে গত ২৪ মে তার মা বিষয়টি জানতে চান। একপর্যায়ে শিশুটি তার মায়ের কাছে সব খুলে বলে। পরে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, শিশুটি ৪ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রথমে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো সুষ্ঠু সমাধান না হওয়ায় সোমবার (১ জুন) ভুক্তভোগীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত দোলা হোসেন আত্মগোপনে রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সাথে আসামির কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, তারা কেবল প্রতিবেশী। ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।”
নিস্পাপ এক শিশুর সাথে প্রতিবেশীর এমন পৈশাচিক আচরণের খবরে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আইনি সহায়তা এবং শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে এই ধরনের অপরাধের দ্রুত বিচার এখন সময়ের দাবি।
