
বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এক মাদক কারবারি।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে তিলকপুর-সান্তাহার হবির মোড় সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় চেকপোস্ট দেখে একটি লাল রঙের নম্বরবিহীন পালসার মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায় এক ব্যক্তি। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকের ভেতর ও সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি কালো কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটিতে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
অধিদপ্তরের তথ্যমতে, পলাতক ব্যক্তি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের গোগেশ চন্দ্র রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি লালমনিরহাট থেকে বগুড়া হয়ে পাবনার দিকে মাদকের চালান নিয়ে যাচ্ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে সোমবার রাতে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।