আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

সান্তাহারে ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে তার মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম ফজলুর রহমান জানান, মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণজনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদে ভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button