আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় শিক্ষা অফিসের চুরি যাওয়া আইসিটি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি হওয়া তথ্যপ্রযুক্তি (আইসিটি) সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে আদমদীঘি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ জুলাই) তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে রায়হান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে কম্পিউটার, মনিটর, প্রিন্টার ও স্ক্যানারসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং রোববার রাতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার গোদারপাড়া বাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি হওয়া সব তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া সব সরঞ্জাম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার (১৩ জুলাই) বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button