
বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. সিয়াম মণ্ডল (২৪)কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার দীঘিরপাড়া মহিষাবান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, গত ২০ জুন সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্ত্রী শারমিন আক্তারকে মারধরের ঘটনার মীমাংসা করতে গেলে আবু সাইদ বার্মিজ চাকু দিয়ে সোহাগকে আঘাত করেন। একই সময় সিয়াম মণ্ডল চাপাতি দিয়ে রুবেলকে কুপিয়ে গুরুতর আহত করেন বলেও মামলায় উল্লেখ রয়েছে।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন বিকেলে সোহাগ মারা যান। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি সিয়াম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।