
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে আতিকুর রহমান সাগর মণ্ডল (২৬) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত আড়াইটার দিকে সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর মণ্ডল শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে এবং শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মণ্ডলের বিরোধ চলছিল। কয়েক বছর ধরে তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করছিলেন। বুধবার রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাওয়ার সময় সাগর বাড়ির উঠানে ছিলেন। এ সময় বাড়ির বাইরে হট্টগোল শুরু হলে তাঁর স্ত্রী বাইরে এসে দেখেন, টিনের গেট ভেঙে একদল লোক বাড়ির ভেতরে প্রবেশ করেছে।
নিহতের স্ত্রী মারজিয়া খাতুনের অভিযোগ, সাগরের জেঠাতো ভাই জুলহাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাঁর স্বামীর ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের রাস্তায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা।
তিনি আরও দাবি করেন, আহত সাগরকে হাসপাতালে নেওয়ার সময়ও দুর্বৃত্তরা তাদের অনুসরণ করে ভয়ভীতি দেখায়। মানিকচক এলাকায় পথরোধের চেষ্টা করায় হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত সাগর মণ্ডলের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


