বগুড়া জেলা
প্রধান খবর

রাষ্ট্রপতি দলীয় সিদ্ধান্তেই হবে: বগুড়ায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ করা হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলীয় ফোরামে আলোচনা শেষে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ীই রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ করা হবে।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, গত ১৭ বছরে উন্নয়নের নামে কাগজে-কলমে বিপুল অর্থ ব্যয়ের হিসাব দেখানো হলেও বাস্তবে সাধারণ মানুষ তার সুফল পায়নি। বিভিন্ন প্রকল্পের নামে অর্থের অপচয় ও লোপাট হয়েছে, কিন্তু মানুষের জীবনমানের প্রত্যাশিত উন্নয়ন ঘটেনি।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার ১০ টাকা সের চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। গ্রামাঞ্চলে খোঁজ নিলে দেখা যায়, অনেক জায়গায় একটি ভালো রাস্তাও নেই। তাহলে ১৭ বছরে উন্নয়ন কোথায় হলো?”

মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক বিভেদ ও অস্থিরতা কমিয়ে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এখন জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সময় এসেছে। বিএনপির রাজনীতি উন্নয়নমুখী উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপি দেশকে এগিয়ে নিতে চায়, আর ধ্বংসাত্মক রাজনীতির কারণে দেশের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে।

সম্মেলনে আরডিএর কর্মকর্তা ও গবেষকদের উদ্দেশে তিনি বলেন, গ্রামীণ উন্নয়ন ও কৃষি গবেষণাকে আরও গতিশীল করতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। পাশাপাশি আরডিএতে উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণার ফলাফল দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

সম্মেলনে বক্তারা বলেন, শুধু প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না; সেই প্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে টেকসই জীবিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার মধ্য দিয়েই গবেষণার প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরডিএর বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাভিত্তিক স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button