
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের একটি কৃষিজমি থেকে আব্দুল হক শাদী (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোকুল ইউনিয়নের ছোট সরলপুর পাকুরতলা মসজিদ এলাকার কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হক শাদী গাবতলী উপজেলার উজির গ্রামের মৃত মো. আব্দুস সাত্তার তারা মণ্ডলের ছেলে।
খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মোরাদ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থলের প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ ধারণা করছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করতে হবে।
নিহতের স্বজনরা জানান, আব্দুল হক শাদী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত রোববার (২৬ জুলাই) বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে সোমবার সকালে স্থানীয়রা কৃষিজমিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।