বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামীম হোসেন (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাতশুকান এলাকার রইস উদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে শামীম হোসেন অটোভ্যান নিয়ে দুপচাঁচিয়া থেকে বগুড়া শহরের উদ্দেশে রওনা হন। পথে এরুলিয়া বিমানবন্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ সুলতান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং শামীম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button