
বগুড়া প্রতিনিধি: এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে এবারও সাফল্যের শীর্ষে রয়েছে বগুড়া। পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই অন্য সাত জেলাকে পেছনে ফেলেছে বগুড়া। জেলার এ সাফল্যে শিক্ষা অঙ্গনে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বগুড়ায় এবার ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জেলার পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। একই সঙ্গে ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
পাসের হারের দিক থেকে বগুড়ার পরের অবস্থানে রয়েছে জয়পুরহাট। জেলাটিতে পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন।
চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন। নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন।
রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।
এ ছাড়া পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম ৫৮ দশমিক ৬৪ শতাংশ। জেলাটিতে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন শিক্ষার্থী।
শুধু পাসের হার নয়, জিপিএ-৫ অর্জনের সংখ্যাতেও অন্য জেলাগুলোর তুলনায় বড় ব্যবধানে এগিয়ে বগুড়া। জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন।
অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় রাজশাহীর চেয়ে বগুড়া এগিয়ে রয়েছে ১ হাজার ৫২৯ জনে। এ ব্যবধানই রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়ার শিক্ষার্থীদের সাফল্যের চিত্রকে আরও স্পষ্ট করেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে এবার শুধু বগুড়াতেই পাসের হার ৭০ শতাংশের ওপরে। অন্যদিকে সিরাজগঞ্জে পাসের হার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে।
ফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকে বগুড়ার শীর্ষস্থানীয় অবস্থান জেলার শিক্ষা খাতে নতুন করে আশার সঞ্চার করেছে।



