
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস কুপিজেসিক ইনজেকশনসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ রায়হান (২৫) এবং নওগাঁ সদর উপজেলার বশিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ মিঠু সরদার (৩২)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে রায়হানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মিঠু সরদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।



