
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এলাকা থেকে বাধন হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাধন হোসেন সান্তাহার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনি এলাকার মাসুদ পারভেজের ছেলে।
পুলিশ জানিয়েছে, রোববার ভোরে সান্তাহার জংশন স্টেশনের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এলাকার একটি গাছে বাধন হোসেনের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দীন জানান, বাধন একটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি বাড়িতে ফেরেন এবং বিয়ে করেন। বাধন সান্তাহার শহরের বিভিন্ন খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, “বাধনের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। তার গলায় রশি থাকলেও দুটি পা মাটিতে ঠেকে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



