
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়া এবং বেকারি পণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও ঘোষণা ছাড়াই স্যাকারিন ব্যবহারের অভিযোগে ‘তন্ময় ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। একই সঙ্গে পণ্যের মোড়কবিধি লঙ্ঘন করে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছিল না। এছাড়া বেকারি পণ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং ঘোষণা ছাড়াই স্যাকারিন ব্যবহার করা হচ্ছিল।
এ ধরনের কার্যক্রম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা অপরাধ স্বীকার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ‘তন্ময় ফুড প্রোডাক্টস’, পালপাড়া, সাবগ্রাম, বগুড়াকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১০ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ ও স্যাকারিন জনসম্মুখে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-১২, বগুড়া ও জেলা পুলিশের একটি চৌকস দল।


