নন্দীগ্রাম উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় অবৈধ পিরানহা বিক্রি, দুই মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পিরানহা মাছ বিক্রির অপরাধে দুই মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে প্রায় ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন ও নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম বাজার ও উপজেলার ধুন্দার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম ও ধুন্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বাজারে অবৈধভাবে পিরানহা মাছ বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে দুই মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাছ বিক্রেতাকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ জরিমানা করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানি দাস।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার জানান, মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন এবং নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছের বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে অবৈধভাবে পিরানহাসহ নিষিদ্ধ মাছ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button