দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা

বগুড়ায় হোমিওপ্যাথি ফার্মেসির আড়ালে রেক্টিফাইড স্পিরিট বিক্রি, আটক ১

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় হোমিওপ্যাথি ফার্মেসির আড়ালে রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) বিক্রির অভিযোগে মোঃ আলতাফ হোসেন (৬৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক অভিযানে ফার্মেসি থেকে ২৫টি বোতলে মোট ৭৫০ মিলিলিটার রেক্টিফাইড স্পিরিট এবং ৭৫টি খালি কাচের বোতল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুপচাঁচিয়া পৌরসভার শহরতলি এলাকায় অবস্থিত ‘আল মাহফিল’ নামের একটি হোমিওপ্যাথি ফার্মেসির আড়ালে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোঃ আলতাফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে ফার্মেসির ভেতরে থাকা কাঠের তৈরি তিন ড্রয়ারবিশিষ্ট একটি টেবিলের দ্বিতীয় ও তৃতীয় ড্রয়ার থেকে আলামতগুলো উদ্ধার করা হয়। একটি সিনথেটিক ব্যাগের ভেতরে থাকা ২৫টি লেবেলবিহীন কাচের বোতলে প্রতি বোতলে ৩০ মিলিলিটার করে মোট ৭৫০ মিলিলিটার রেক্টিফাইড স্পিরিট পাওয়া যায়। এ ছাড়া একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে কর্কসহ ৭৫টি লেবেলবিহীন খালি কাচের বোতল উদ্ধার করা হয়।

আটক আলতাফ হোসেন (৬৪) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘরিয়া গ্রামের মৃত কছির উদ্দিন আহম্মেদের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি রেক্টিফাইড স্পিরিট কীভাবে এবং কোথা থেকে সংগ্রহ করতেন, সে বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তাঁর দেওয়া তথ্য যাচাইসহ এ কারবারের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button