বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে থাকা টহল পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক পকেটমারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর সহযোগী ও স্বজনেরা। এ সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতন ব্যাপারী নামে ২৮ মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রতন ব্যাপারীর বয়স ২৯ বছর। তিনি উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে টহল দেওয়ার সময় ৪ থেকে ৫ জনকে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে দেখা যায়। পুলিশ তাঁদের মধ্য থেকে রতনকে আটক করলে তাঁর সঙ্গে থাকা লোকজন ও আশপাশের আত্মীয়স্বজন পুলিশের ওপর চড়াও হন। এ সময় তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এতে এএসআই উজ্জ্বল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রতনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি ইব্রাহীম আলী।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button