গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে হেঁটে যান এক ব্যক্তি। পরে ছবি দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তিনি রাদিয়াদ হুসাইন বর্ণ। তিনি গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামের মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক।

তার পরিচয় শনাক্তের পর বুধবার ভোরে গাবতলীতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, বর্ণের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারেও ছিলেন। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।

গ্রেফতারের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button