বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় চুরি যাওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে চুরি হওয়া প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি ফিজিয়ান জাতের বকনা গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় শাহীন আলম (৪২) ও টুকু শেখ (৬৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টুকু শেখের ছেলে লিটন শেখ পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা গরুটি জব্দ তালিকাভুক্ত করে গ্রেপ্তার দুজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাহীন আলম শিবগঞ্জ উপজেলার ভরিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। অপর আসামি টুকু শেখ একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

মামলার এজাহার জানা যায়, গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর হরিরামপুর (কাজীপাড়া) গ্রামের এক বাসিন্দা তাঁর গোয়ালঘরে একটি ফিজিয়ান জাতের বকনা গরুকে খাবার দিয়ে ঘুমাতে যান। পরদিন ১৭ অক্টোবর ভোর সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরুটি দেখতে পাননি। এ সময় বাড়ির উত্তর পাশের টিনের বেড়াও খোলা দেখতে পান তিনি।

পরে পরিবারের সদস্যদের নিয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। চুরি যাওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শাহীন আলমকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত গোয়ালঘর থেকে সাদা-কালো রঙের চুরি যাওয়া বকনা গরুটি উদ্ধার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন আলম দাবি করেন, টুকু শেখ তাঁর কাছে গরুটি কম দামে বিক্রি করেছিলেন। গরুটি চোরাই বলে জানার পরও তিনি তা কিনেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে পুলিশ জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টুকু শেখকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে টুকু শেখ জানান, তাঁর ছেলে লিটন শেখসহ অজ্ঞাতনামা কয়েকজন গরুটি চুরি করে বিক্রির জন্য তাঁর কাছে দিয়েছিলেন। তবে লিটন শেখ পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button