বগুড়ায় পাঠদান চলাকালে বিদ্যালয়ের বাইরে ৬ শিক্ষার্থী,তিন শিক্ষিকাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে ছয় শিক্ষার্থীকে বিদ্যালয়ের বাইরে ঘোরাফেরা করতে দেখে তিন শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ মাহতাবুর রহমান।
শোকজ পাওয়া তিন শিক্ষক হলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ নাছরিন মমতাজ এবং সহকারী শিক্ষিকা মোছাঃ সেলিনা আকতার ও লাভলী ইয়াসমিন।
শিক্ষা অফিস কর্মকর্তারা জানান, সোমবার বেলা ১২টার দিকে ফুলবাড়ী ভূমি অফিস পরিদর্শনে যান বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। এ সময় তিনি ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বিদ্যালয়ের বাইরে অবস্থান করতে দেখেন। পাঠদান চলাকালে শিক্ষার্থীরা কেন বিদ্যালয়ের বাইরে রয়েছে, তা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে জানতে চান জেলা প্রশাসক। তবে এ বিষয়ে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গেছে। সংশ্লিষ্ট সময়ে শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্বে থাকা শিক্ষিকারাও এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ নাছরিন মমতাজ জানিয়েছেন, “আমি আমার দায়িত্বে অবিচল ছিলাম। আমার যে ক্লাস ছিল, আমি সেই ক্লাসেই ছিলাম। আমরা তো বিদ্যালয়ের বাইরে যাইনি, ক্লাসেই ছিলাম। এরপরও আমাদের শোকজ করা হয়েছে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ মাহতাবুর রহমান বলেন, সরকারি বিধিমালা লঙ্ঘন করে পাঠদান চলাকালে ছয় শিক্ষার্থী কেন বিদ্যালয়ের বাইরে ছিল, তা জানতে তিন শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। তাঁদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।



