বগুড়ায় করোনায় ৮ এবং উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫ জন
আক্রান্তের হার ১৫ দশমিক ৯২ শতাংশ

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। জানা যায় জেলার তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত হয়ে এবং অন্য ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৫ দশমিক ৯২ শতাংশ। এছাড়া করোনামুক্ত হয়েছেন ১৫২ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বগুড়ার ৬ জন। তারা হলেন- সদরের যথাক্রমে- মাসুম বিল্লাহ(৩৬), আব্দুল মান্নান(৬২), আজিজুল হক(৬৯), রেজাউল করিম(৬৫), নওয়াব আলী(৭০) ও মাকছুদা বেগম(৭২) এবং নন্দীগ্রামের আব্দুস সাত্তার(৫২)।
ডা. তুহিন আরও জানান, বৃহস্পতিবার মোট ৪৭১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। একই হাসপাতালে এন্টিজেন পরীক্ষায় ১৬ জনের মধ্যে ৬ জন করোনা পজিটিভ আসে । এছাড়া বেসরকারি হাসপাতাল টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ টি নমুনায় ৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ঢাকায় পাঠানো ১৪৯ নমুনার ফলাফলে ২৭জন করোনায় শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্ত ৭৫ জনের মধ্যে বগুড়া সদরে ৩২, শাজাহানপুরের ১৪, দুপচাঁচিয়ায় ১০, আদমদীঘির ৯, কাহালুতে ৯ এবং গাবতলীতে ১ জন।
পরিশেষে ডা. তুহিন অনলাইন ব্রিফিং এ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০,২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮,৬৬৯ জন, মৃত্যু হয়েছে ৬১৯ জনের এবং ৯২০ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
