বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপণে বগুড়ায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

বগুড়ায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটি এবং পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) আয়োজনে বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপণে গণতান্ত্রিক বাজেট আন্দোলনে ফলোআপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের ওয়াইএমসিএ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মোঃ আবু হাসানাত সাঈদ এর সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্কশপে সভাপতির বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর।
এছাড়াও সভায় পর্যায়ক্রমে বাজেট কে কেন্দ্র করে বিভিন্ন সুপারিশ প্রদানের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, মালতিনগর উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, বাপা বগুড়া জেলা শাখার পক্ষে জিয়াউর রহমান ও ফজলে রাব্বী ডলার, ব্লাষ্ট বগুড়ার সমন্বয়কারী এ্যাড: আশরাফুন্নাহার স্বপ্না, সাংস্কৃতিক কর্মী নিভা সরকার পূর্ণিমা, বগুড়া শিশু নাট্যদলের পরিচালক আব্দুল খালেক, সাবেক পৌর কাউন্সিলর কানিজ রেজা, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায় প্রমুখ।
সভায় দেশের সামগ্রিক বাজেটে ভৌগোলিক অবস্থা বিবেচনায় প্রয়োজন অনুসারে বাজেট বরাদ্দের আহ্বান জানানো হয়। শুধু তাই নয় তৃণমূল পর্যায়ের চাহিদা বিবেচনায় রেখে বাজেটের সুষ্ঠু বরাদ্দের বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছাড়াও শুধু বাজেট প্রণয়নই নয় যেকোন বাজেটই সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও দাবি জানানো হয় সভায়।
সভায় ভিডিও উপস্থাপনার মাধ্যমে পিইউপি বগুড়ার কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলাম স্বরণ এবং প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন বাজেট কেন প্রয়োজন, বাজেট প্রনয়ন প্রক্রিয়া, কেমন বাজেট হওয়া আবশ্যক, ইউনিয়ন, পৌরসভা, জেলা পর্যায়ে কি কি উপায়ে বাজেট পেশ হচ্ছে সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এসএ