আইন ও অপরাধবগুড়া জেলা

সাবেক সংসদ সদস্য নূর আফরোজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বগুড়ার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী নূর আফরোজ বেগম ওরফে জ্যোতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

১১ মে বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ায় দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ।

দুদক সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পেয়ে দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ ২০১৪ সালের ডিসেম্বরে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে মামলা করেন। দুদক জেলা সমন্বিত কার্যালয়ের তৎকালীন উপপরিচালক আনোয়ারুল হক এই মামলার তদন্ত করেন।

তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করায় আদালতে অভিযোগপত্র জমা দেন আনোয়ারুল হক।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নূর আফরোজ বেগম ২৮ লাখ ১৭ হাজার ১৮৪ টাকার সম্পদের কথা গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন এবং ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

নূর আফরোজ বেগম বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button