বগুড়ায় নকল সোনার মূর্তির দিয়ে প্রতারণা: গ্রেফতার ৪

বগুড়ায় নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে চার কালোবাজারিকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি নকল স্বর্ণের মূর্তি, একটি সিএনজি, মোবাইল ও নগদ টাকা পাওয়া যায়।
আটককৃতরা হলেন- দুপচাঁচিয়ার খোলাশ মধ্যপাড়া এলাকার মৃত মোকসেদ আলীর মেয়ে মোমেনা বিবি(৩৫), মৃত সমসেদ ফকিরের ছেলে শহিদুল ইসলাম(৪৮), তালুচ এলাকার মৃত অছিমদ্দিনের ছেলে আব্দুর রশিদ(৬০) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে সামসুল ইসলাম(৩২)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ বগুড়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে দুপচাঁচিয়ার খোলাশ মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ৪জন প্রতারক নকল সোনার মূর্তি হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোমেনা, শহিদুল, আব্দুর রশিদ ও সামসুলকে তিনটি নকল স্বর্ণের মূর্তি, একটি সিএনজি, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিত । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
এসএ