উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সভাপতি হাসান ও সা. সম্পাদক সেকেন্দার

বগুড়ায় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মম ইন কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলন ও নির্বাচনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বেকারী মালিক সমিতির সভাপতি ও আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য সরবরাহ ও কর্মসংস্থানে বেকারী শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জ্বালানি, বিদ্যুৎ, পানি ও কাঁচামালের লাগাতার মূল্যবৃদ্ধি এ খাতকে সংকটে ফেলেছে। তিনি অভিযোগ করেন, লাইসেন্সবিহীন ফুটপাত ও অনলাইন ব্যবসা শিল্পকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ফলে মালিকরা ঋণের বোঝা বাড়িয়ে চলেছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের কাছে কর কাঠামো ও জ্বালানি–কাঁচামালের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আলোচকরা বেকারী শিল্পের মানোন্নয়ন, নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে নানা সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদসহ ১৬ জেলার নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে হাসান আলী আলাল পুনর্নির্বাচিত হন। কার্যকরী সভাপতি রিয়াদ শহিদ শোভন, সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজির আহম্মেদ শামীম ও সৈয়দ আলী জাফর আহম্মেদসহ ৩৯ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠিত হয়।
