আইন ও অপরাধধুনট উপজেলা

হিটলু হত্যা কাণ্ড: আ’লীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে জুয়া খেলা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে জনসম্মুখে আরিফুল ইসলাম হিটলুকে (৩৮) কুপিয়ে হত্যার অভিযোগে নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলী সহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে নিহত হিটলুর স্ত্রী শেফালী খাতুন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। নিহত হিটলু উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম হিটলুর পেশা ছিল জুয়া খেলা ও মাদক ব্যবসা। প্রতিবেশী আব্দুল মালেক ছিল তার অংশিদার। উভয়ের বিরুদ্ধে পুলিশ সদস্যকে পেটানো, মাদক ও জুয়া বেশ কয়টি মামলা রয়েছে। জুয়া খেলা ও মাদক ব্যবসার টাকা ভাগবাটোয়ারা নিয়ে কয়েক মাস আগে থেকে হিটলু ও মালেকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’জন পৃথক ভাবে দল গঠন করে।

এদিকে ১৬ এপ্রিল সন্ধ্যার দিকে হিটলু ও তার লোকজন আব্দুল মালেককে কুপিয়ে জখম করে। এতে হিটলুর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে আব্দুল মালেক, নবাব আলী ও তার লোকজন। তাদের শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে রাত ৯টার দিকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে হিটলুকে কুপিয়ে হত্যা করে। এরপর তারা লাশ একটি কবরস্থানে মাটি চাপা দিয়ে রাখে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাবেক নেতা নবাব আলী বলেন, হিটলু এলাকার সন্ত্রাসী ছিল। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েন। তাই ক্ষুব্ধ হয়ে গ্রামবাসি তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে এ হত্যাকান্ডের সাথে আমি জড়িত ছিলাম না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে আসামী করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলার আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button