শিক্ষা
প্রধান খবর

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের অডিটে ধরা পড়ল ৯০ কোটি টাকার দুর্নীতি

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর এক প্রতিবেদনে দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯০ কোটি টাকার আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। গত বছরের শেষ ছয় মাসে পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষায় সরকারি অর্থ আত্মসাৎ, জাল সনদে নিয়োগ এবং সরকারি জমি বেহাতের মতো গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে।

রোববার (১ মার্চ ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষার ভিত্তিতে প্রস্তুত ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন তালিকা ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, সংশ্লিষ্ট অধিদপ্তর, শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।

ডিআইএর তদন্তে দেখা গেছে, জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, ভুয়া বিল, ভ্যাট-আইটি সংক্রান্ত অনিয়মসহ নানা উপায়ে প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া প্রায় ১৭৬ দশমিক ৫২৩ একর সরকারি জমি উদ্ধার করার সুপারিশও করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি তাদের প্রতিবেদন ই-মেইলে না পেয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করা যাবে। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্যাডে আবেদন করে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবর আবেদন পাঠাতে হবে এবং তার কপি ই-মেইলে পাঠাতে হবে।

আবেদন পাওয়ার পর তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। প্রয়োজনে টেলিফোনেও যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button