শিক্ষা
প্রধান খবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাস বাধ্যতামূলক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গত ১০ মার্চ নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে এই নির্দেশনা অনুসরণ করতে হবে।

সভাপতির যোগ্যতা

অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক পাস বা সমমান। তবে প্রয়োজন হলে শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতার ভিত্তিতে মন্ত্রণালয় বিশেষ সিদ্ধান্ত নিতে পারবে।

সভাপতি মনোনয়ন পদ্ধতি

সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজন সম্ভাব্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাবেন।

এই তিনজনের মধ্যে থাকতে পারেন-

  • সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা
  • অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ
  • স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি
  • শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবক
  • সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা

পরে শিক্ষা বোর্ড প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে।

এর আগে সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, গভর্নিং বডির চেয়ারম্যান বা সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি হবে ন্যূনতম যোগ্যতা। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, ব্যক্তির দক্ষতা ও যোগ্যতার অন্যান্য দিকও বিবেচনা করা হবে।

মন্ত্রী বলেন, “আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।”

সূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button