
আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির গত ৫ মার্চ অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৫ মার্চ) জাতীয় শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা-রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-ব্যতীত অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলো হবে-
- ১৫ এপ্রিল (বুধবার): বাংলা – সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট
- ১৬ এপ্রিল (বৃহস্পতিবার): ইংরেজি
- ১৭ এপ্রিল (শুক্রবার): প্রাথমিক গণিত
- ১৮ এপ্রিল (শনিবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান

প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।
অন্যদিকে তিন পার্বত্য জেলায় ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা



