
চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এই তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া এক বোর্ড চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ জুন সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন মিললে দ্রুত চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।
এ বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
ফলে এবার মোট ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা।
সূত্র: ঢাকা পোস্ট



