
সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর অনুমোদন ছাড়া পরিচালিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে ইউজিসি।
সোমবার (৩০ মার্চ) কমিশনের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে বৈধতা পেতে আগামী ২৫ এপ্রিলের মধ্যে ইউজিসির কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সরকার ও ইউজিসির অনুমতি ছাড়াই বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে এমন অননুমোদিত প্রতিষ্ঠানের একটি তালিকা কমিশনের হাতে এসেছে।
ইউজিসি জানায়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী দেশে এ ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে। ওই বিধিমালার ৪(৩) এর দফা (ঝ) অনুযায়ী অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বৈধতার আওতায় আসতে ২৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে কমিশনে আবেদন করতে হবে।
কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করে যদি কোনো প্রতিষ্ঠান অননুমোদিতভাবে কার্যক্রম চালিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে ইউজিসি।
সূত্র: কালের কণ্ঠ



