
সারা দেশে এখনো ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমানে দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কি না এবং না থাকলে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা কত। একই সঙ্গে ওই গ্রামগুলোতে সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা রয়েছে কি না-তাও জানতে চান তিনি।
উত্তরে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি এবং ময়মনসিংহ বিভাগে ২৬৬টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।
সব মিলিয়ে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৭টি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্ট শর্তাদি বিবেচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালের কণ্ঠ



