
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারি পদ্ধতি চালু করেছে সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকদের পদায়ন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নের দায়িত্ব পালন করবে একটি জেলা কমিটি। এ কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসক মনোনীত দুইজন গণ্যমান্য ব্যক্তি।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, জেলা কমিটি লটারির মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবে। পাশাপাশি পদায়ন ও বদলি সংক্রান্ত বিষয়গুলো নিয়মিত পর্যালোচনা করবে।
কমিটিকে প্রতি মাসে অন্তত একবার সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী ও প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নতুন নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।
সরকারের আশা, লটারি পদ্ধতি চালুর ফলে শিক্ষক পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং পদায়ন প্রক্রিয়া আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন