শিক্ষা
প্রধান খবর

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে কোনো পরীক্ষা নেই: ববি হাজ্জাজ

সরকারি ও বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ ধরনের পরীক্ষা নিলে তা নিয়মবহির্ভূত হবে।

বুধবার (১২ আগস্ট) রাতে ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ উদ্যোগের অংশ হিসেবে বসিলা এলাকার এক নাগরিকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চা পান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, দেশে পরিচালিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে শুধু সংসদে বক্তব্য দেওয়া বা অফিসে বসে মানুষের কথা শোনাই যথেষ্ট নয়। মানুষের কাছে যেতে হবে এবং তাদের জীবনযাপন ও বাস্তব সমস্যাগুলো কাছ থেকে দেখতে হবে। এ লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের জনগণের জন্য ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কেউ তাকে চায়ের দাওয়াত দিলে তিনি সেখানে যাওয়ার চেষ্টা করবেন। মানুষের সঙ্গে সরাসরি বসে কথা বলার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি জানান, ঢাকা-১৩ আসনের জনগণের অংশগ্রহণে নিয়মিত ওপেন টাউন হল আয়োজন করা হচ্ছে। তবে অনেকে বড় পরিসরের অনুষ্ঠানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাদের জন্য ঘরোয়া পরিবেশে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে এলাকার সমস্যা, নাগরিকদের পরামর্শ ও সম্ভাবনার কথা আরও গভীরভাবে জানা সম্ভব হবে।

বসিলা ও মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক মাসে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

মোহাম্মদপুর থানা ঢাকা শহরের বৃহৎ জনসংখ্যার একটি এলাকা উল্লেখ করে তিনি বলেন, বসিলা ও রায়েরবাজারের জন্য পৃথক দুটি থানা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে থানা দুটির কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে। এতে এলাকায় পুলিশের উপস্থিতি ও সক্ষমতা আরও বাড়বে।

কেরানীগঞ্জসহ আশপাশের এলাকা থেকে অপরাধীরা এসে ঢাকা-১৩ এলাকায় অপরাধ সংঘটনের পর দ্রুত ফিরে যাওয়ার প্রবণতা ঠেকাতে বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

ঢাকা-১৩-কে নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ববি হাজ্জাজ বলেন, এমন একটি ঢাকা-১৩ গড়ে তুলতে চান, যেখানে মানুষ নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বসবাস করতে পারবেন। মোহাম্মদপুরের নাম শুনলে মানুষ যেন নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা না করেন, সেই পরিবেশ তৈরি করাই লক্ষ্য।

মোহাম্মদপুরে শিগগির একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

চায়ের আড্ডায় পরিবারের সদস্যরা এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, শিল্প ও সৃজনশীল কার্যক্রমে সহযোগিতা করার বিষয়ে তারা আগ্রহ জানান। প্রতিমন্ত্রী তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।

ববি হাজ্জাজ বলেন, তার স্বপ্ন ঢাকা-১৩ এমন একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষিত মধ্যবিত্তের আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠবে, যেখানে দেশের মানুষ বসবাসের স্বপ্ন দেখবে।

এ সময় স্থানীয় নাগরিকরা এলাকার নিরাপত্তা, শিক্ষা, যোগাযোগ, গ্যাস-পানি-বিদ্যুৎ ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের কথা শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবার দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে যেসব প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তর একসঙ্গে রয়েছে, শুধু সেসব বিদ্যালয়ই এ পরীক্ষা নিতে পারবে। এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে।

তবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়ার নিয়ম চালু করা হয়নি।

তথ্যসূত্র: জাগো নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button