বুধবার থেকে প্রাথমিকে সশরীর ক্লাস শুরু

আগামীকাল বুধবার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও সশরীর ক্লাস শুরু হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। তবে প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা আপাতত বন্ধই থাকবে।
অন্তত আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ ফেব্রুয়ারি খুলে দিলেও প্রাথমিকের ছুটি আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও এদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পেছানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সব বিদ্যালয় দুই পালায় পরিচালিত হবে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করতে হবে। টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।
দেশে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। ফলে এর কম বয়সীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে টিকার বাধ্যবাধকতা নেই।
