প্রাথমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, বদলি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা টেলিফোন বা সরাসরি সুপারিশ করে থাকেন। এছাড়া শিক্ষকরা প্রায়ই অনুমতি ছাড়াই ঢাকায় এসে মহাপরিচালকের কাছে সরাসরি আবেদন জমা দেন। এতে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটে, বিদ্যালয়ের পাঠদান ক্ষতিগ্রস্ত হয় এবং প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে। তাই শিক্ষকদের সরাসরি আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নৈমিত্তিক ছুটি প্রদানে অধিক সতর্ক থাকার জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক এবং উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



