
আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত আশা করছে প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত সময়ে ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন দেবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।



