
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৫৮টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, এবারের নির্বাচনে ৭ জন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন।
নির্বাচন বিশ্লেষণে দেখা যায়, এবার মোট নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৫ জন। এর মধ্যে এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন মাত্র ৭ জন, যা মোট প্রার্থীর তুলনায় খুবই সীমিত।
যে নারী প্রার্থীরা জয় পেয়েছেন
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
ঝালকাঠি-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম নেয়ামুল করিম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর (লুনা) বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। এই আসনে তিনি ছিলেন একমাত্র নারী প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
এ ছাড়া-
নাটোর-১ আসনে বিএনপির ফারজানা শারমিন
ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ ইসলাম
ফরিদপুর-৩ আসনে বিএনপির নায়াব ইউসুফ আহমেদ
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নারী প্রার্থীদের সামগ্রিক চিত্র
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ আসনে মোট প্রার্থী ছিলেন ২,০১৭ জন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৮৪ জন, যা মোট প্রার্থীর মাত্র ৪ শতাংশ।
দলের প্রার্থী: ৬৬ জন
স্বতন্ত্র প্রার্থী: ১৯ জন
হিজড়া জনগোষ্ঠী থেকে প্রার্থী: ১ জন
হলফনামা বিশ্লেষণে দেখা গেছে-
প্রায় ৭৫ শতাংশ নারী প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর
২৫-৩৯ বছর বয়সী প্রার্থী সবচেয়ে বেশি
প্রায় ৬৭ শতাংশ নারী কর্মজীবী
উচ্চ শিক্ষিত ও কর্মজীবী নারীদের অংশগ্রহণ থাকলেও বিজয়ের হার তুলনামূলকভাবে কম। রাজনৈতিক দলগুলো এখনো নারী প্রার্থীদের মনোনয়নে সীমিত আগ্রহ দেখাচ্ছে বলে বিশ্লেষকদের মত।



