
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে তিহার জেলে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। খবর জানিয়েছে সামা টিভি।
গত ৪ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরদিন ৫ ফেব্রুয়ারি তিনি নিজেই তিহার জেলে হাজির হন।
জেল সূত্র জানায়, বিকাল ৪টার দিকে রাজপাল যাদব কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। এরপর নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়।
এর আগে আদালত ২ ফেব্রুয়ারির আদেশে রাজপাল যাদবকে ৪ ফেব্রুয়ারির মধ্যে জেল কর্তৃপক্ষের সামনে হাজির হতে নির্দেশ দেয়। তবে তার আইনজীবী আরও এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, রাজপাল যাদব ৫০ লাখ রুপি সংগ্রহ করেছেন, তবে পুরো অর্থ পরিশোধে কিছুটা সময় প্রয়োজন।
এই আবেদন খারিজ করে বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা বলেন, সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত ভিত্তি নেই।
উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার দায়ে রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছিল। যদিও সে সময় তিনি জামিনে মুক্তি পান। পরে ২০২৪ সালের জুনে হাইকোর্ট শর্তসাপেক্ষে তার সাজা সাময়িকভাবে স্থগিত করে এবং বাদীপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করার নির্দেশ দেয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি চলচ্চিত্র নির্মাণের জন্য রাজপাল যাদব এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। সেই অর্থ ফেরত দিতে না পারায় সংশ্লিষ্ট ব্যবসায়ী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
‘ভুলভুলাইয়া’, ‘হাঙ্গামা’, ‘ধামাল’, ‘চুপ চুপ কে’, ‘ফির হেরা ফেরি’ ও ‘কাল হো না হো’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিত রাজপাল যাদবের গ্রেফতারের ঘটনায় ভক্ত ও বিনোদন অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



