বিনোদন
প্রধান খবর

পরীমনিকে ফোনকলে হত্যার হুমকি, বিদেশি নম্বর থেকে কল পাওয়ার অভিযোগ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ফোনকলে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তিনি জানান, বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ভোট সংক্রান্ত বিষয়ে কথা বলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

পরীমনি হুমকির সেই ফোনালাপের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ একই সঙ্গে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজগুলো মেনশন করেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফোন আসা নম্বরটির কান্ট্রি কোড অনুযায়ী কলটি কিউবা থেকে করা হয়েছে।

এ বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে একটি বিদেশি নম্বর থেকে ফোন দিয়েই অপর প্রান্তের ব্যক্তি তাকে গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কোনো কথা বলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ধরনের ঘটনায় তিনি আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button