
ভালোবাসা দিবসের একদিন আগে, ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে আনছে স্টার সিনেপ্লেক্স।
বিখ্যাত লেখক ডন উইন্সলোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন বার্ট লেটন। ছবিতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে ও হ্যালি বেরি।
নেটফ্লিক্সকে হারিয়ে স্বত্ব পায় অ্যামাজন
২০২৩ সালে উপন্যাসটির স্বত্ব নিয়ে দরপত্র লড়াইয়ে নেটফ্লিক্সকে হারিয়ে জয় পায় অ্যামাজন। শুরুতে ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে অভিনয়ের জন্য পেড্রো পাস্কালের নাম আলোচনায় ছিল। তবে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ ছবির সময়সূচি নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান।
২০২৪ সালের মে মাসে মার্ক রাফালো লু লুবেসনিক চরিত্রে অভিনয়ের জন্য যুক্ত হন। অক্টোবরে হ্যালি বেরি, কোরি হকিন্স ও মনিকা বারবারো অপ্রকাশিত ভূমিকায় চুক্তিবদ্ধ হন। নভেম্বরে জেনিফার জেসন লেই, নিক নল্টে, টেট ডোনোভান, ডেবোরা হেডওয়াল, ডেভন বোস্টিক, পল অ্যাডেলস্টাইন, ড্রু পাওয়েল ও ম্যাথিউ ডেল নেগ্রো অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হন।
একই বছরের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে ছবিটির শুটিং শুরু হয়।
কী আছে গল্পে?
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় সংঘটিত কিছু অত্যন্ত নিখুঁত জুয়েলারি ডাকাতি। সেখানে নেই কোনো ভুল, নেই অপ্রয়োজনীয় সহিংসতা-সবকিছু যেন বইয়ের নিয়ম মেনে পরিচালিত।
একজন অভিজ্ঞ পুলিশ ডিটেকটিভ বিশ্বাস করেন, বড় অপরাধগুলো সবসময় কিছু অলিখিত নিয়ম অনুসরণ করে। এই নিয়মগুলোকেই তিনি বলেন ‘ক্রাইম ১০১’। তার ধারণা, এসব ডাকাতি একজনই করছে, যে নিয়মগুলো হুবহু মেনে চলছে। কিন্তু তদন্ত এগোতেই স্পষ্ট হয়-এটি শুধু সাধারণ ডাকাতি নয়, পেছনে রয়েছে আরও বড় কোনো খেলা।
অন্যদিকে, এক তরুণ ও বুদ্ধিমান অপরাধী ধীরে ধীরে এই জগতের গভীরে প্রবেশ করে। সে কি নিয়ম মেনে খেলবে, নাকি একটি ভুলেই সবকিছু ভেঙে পড়বে-এমন নানা প্রশ্ন ঘিরে এগিয়েছে ছবির গল্প।
ট্রেলার প্রকাশের পর থেকেই অনলাইন ফোরাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
তথ্যসূত্র: ডেইলি স্টার



