
চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী কাজ করবেন এবং দৈনিক প্রতিবেদন দাখিল করবেন।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করে সেই তথ্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: কালবেলা



