
দেশের রাজস্ব আয় বাড়াতে সারচার্জের পরিবর্তে সম্পদ কর (ওয়েলথ ট্যাক্স) পুনরায় চালু এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির ওপর ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ (উত্তরাধিকার কর) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, সারচার্জের পরিবর্তে সম্পদশালী ব্যক্তিদের ওপর ‘ওয়েলথ ট্যাক্স’ আরোপের বিষয়টি সরকার বিবেচনা করছে। ওয়েলথ ট্যাক্স চালু করা গেলে আয়করের বাইরে সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হবে, যা রাজস্ব বাড়াতে সহায়ক হবে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, অনেক ক্ষেত্রে উত্তরাধিকারসূত্রে বিপুল সম্পদ পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর হয়। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের সম্পদের ওপর ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ প্রচলিত রয়েছে। বাংলাদেশেও উচ্চমূল্যের সম্পত্তি-বিশেষ করে সিটি করপোরেশন এলাকার সম্পত্তি-পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরের সময় উত্তরাধিকার কর আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মিউটেশনের আগে এ কর আরোপ করা যেতে পারে।
রাজস্ব আদায় বাড়াতে দুর্নীতি ও ফাঁকফোকর বন্ধের ওপর জোর দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, রাজস্ব ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করা গেলে এবং সৎ ও দক্ষ কর্মকর্তাদের উৎসাহিত করা গেলে রাজস্ব ফাঁকি কমবে এবং আদায় বাড়বে।
অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ম্যানুয়াল পদ্ধতি বন্ধ করার কথাও জানান তিনি। ভ্যাটের ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক ২০টি অডিট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়া আয়কর খাতে ২০২৫-২৬ অর্থবছর থেকে শতভাগ অনলাইন রিটার্ন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
সূত্র: ইত্তেফাক



