অর্থ ও বানিজ্য
প্রধান খবর

১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম আনুষ্ঠানিক ও বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে। ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ উপলক্ষে বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংক চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের প্রধান নির্বাহীরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহক, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করে সহজে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এর ফলে আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও কার্যকর, দ্রুত, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক হবে।

বাংলা কিউআর চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা একই কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন, যা লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ করবে।

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্যাশলেস সমাজ গঠনের পরিকল্পনার অংশ হিসেবে বাংলা কিউআর চালু করা হচ্ছে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button