
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
তবে পূজার ছুটির আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে এ বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর-মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার-বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিকে, ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
সার্কুলারে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলারের নির্দেশনা অনুসরণ করতে হবে। সে অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।
এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



