আবারো বাড়লো সয়াবিন তেলের দাম

দেশের বাজারে আরেক দফায় বাড়লো সয়াবিন তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (৫ মে) দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। যা কার্যকর হবে শুক্রবার (৬ মে) থেকে।
বিকেলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোতলজাত পরিশোধিত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৮ টাকা। আগে প্রতি লিটারে বোতল সয়াবিন তেলের দাম ছিল ১৬০ টাকা। এখন তা কিনতে হবে ১৯৮ টাকায়।
এছাড়া, খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। আর বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮৫ টাকা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার পরিশোধিত খোলা পাম সুপার তেলের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭২ টাকা।
গত ২০ মার্চ ভোজ্যতেলে দাম সমন্বয় করা হয়। তখন বোতল সয়াবিনের দাম লিটারে ৮ টাকা কমানো হয়। এছাড়া, খোলা সয়াবিনের দাম লিটারে ৬ টাকা ও পাম তেলের দাম লিটারে ৩ টাকা কমানো হয়।
এসএ

