আন্তর্জাতিক খবর

মদিনার কাছে সড়ক দুর্ঘটনায় ৪২ জন ওমরাহযাত্রী নিহত

সৌদি আরবের মদিনার কাছে মক্কা থেকে আসা একটি যাত্রীবাহী বাস ও ডিজেলভর্তি ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে বাংলাদেশি সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকায়। সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। গালফ নিউজের তথ্যমতে, যাত্রীদের অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন, ফলে বাসে আগুন লাগার পর বের হওয়ার সুযোগ খুবই সীমিত ছিল। নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ শিশু রয়েছে বলে জানানো হয়েছে, যদিও চূড়ান্ত সংখ্যা এখনো যাচাই করা হচ্ছে।

বাসটি মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিল। দুর্ঘটনার পর বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্তকাজ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

রিপোর্টে আরও জানানো হয়, মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button