আন্তর্জাতিক খবর
প্রধান খবর

গাজায় দুর্ভিক্ষ নেই, বলছে বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা

গাজা উপত্যকায় এখন আর দুর্ভিক্ষের অবস্থা নেই বলে জানিয়েছে জাতিসংঘ-সমর্থিত বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি। শুক্রবার (১৯ ডিসেম্বর) দেওয়া এক ঘোষণায় তারা জানায়, যুদ্ধবিরতি ও ত্রাণ বাড়ার কারণে সেখানে খাদ্য পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর গাজায় নিয়মিতভাবে খাবার ও প্রয়োজনীয় পণ্য ঢুকতে শুরু করে। এর ফলে দুর্ভিক্ষের মতো ভয়াবহ অবস্থা এখন আর নেই বলে মনে করছে সংস্থাটি।

আইপিসি জানায়, সহিংসতা কমে আসা এবং খাদ্য সরবরাহ বাড়ার কারণে গাজার সব এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, এখনো গাজার বেশিরভাগ মানুষ খাবারের বড় সংকটে রয়েছেন। অনেক মানুষ শুধু কোনোমতে বেঁচে থাকার মতো খাবার পাচ্ছেন।

সংস্থাটি আরও বলেছে, যদি আবার যুদ্ধ শুরু হয় বা ত্রাণ ও খাবার ঢোকা বন্ধ হয়ে যায়, তাহলে উত্তর গাজা, গাজা শহর, দেইর আল-বালাহ ও খান ইউনিস এলাকায় আবার দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এই ঝুঁকি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত থাকতে পারে।

এর আগে গত আগস্টে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছিল, গাজার কিছু এলাকায় মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। তবে ইসরাইল তখন এই অভিযোগ মানতে রাজি হয়নি।

সূত্র: সময় টেলিভিশন

এই বিভাগের অন্য খবর

Back to top button