
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ পাঁচজন লিবীয় কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আঙ্কারা সফর শেষে দেশে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেবাহ।
এক বিবৃতিতে তিনি বলেন, এই দুর্ঘটনা লিবিয়ার জাতি, সামরিক বাহিনী ও সাধারণ মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। নিহত কর্মকর্তারা নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দেশের সেবা করেছেন বলে তিনি উল্লেখ করেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রা করা ‘ফ্যালকন ৫০’ মডেলের বিজনেস জেটটি স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে উড্ডয়ন করে। রাত ৮টা ৫২ মিনিটে বিমানের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আঙ্কারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের দক্ষিণে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
তিনি জানান, উড্ডয়নের পর বিমানটি জরুরি অবতরণের অনুরোধ করেছিল, তবে এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লিবিয়ার সেনাপ্রধান আঙ্কারায় তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। উল্লেখ্য, জাতিসংঘ সমর্থিত ত্রিপোলিভিত্তিক লিবীয় সরকারের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা



